বিশেষ সংবাদদাতা : সিলেটে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করে ট্রাক তিনটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ চালক কে গ্রেফতার করেছে।
সোমবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ফাজিল চিশতে দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সজিব (২৫) ও লুৎফুর (২০)। সজিবের বাসা সিলেট নগরীর বনকলাপাড়ায় ও লুৎফুরের বাড়ি সুনামগঞ্জের দিরাই থানায়। প্রাথমিকভাবে জানা যায়, নিহত দু'জন ছাত্রদলের কর্মী।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে ট্রাক ভাঙচুর করেন। এসময় তিনটি ট্রাকে অগ্নিসংযোগ এবং কয়েকটি ট্রাক ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। পুলিশ ও ফায়ার সার্ভিস ট্রাকের আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ঘাতক ট্রাকসহ ৩টি ট্রাকে অগ্নিসংযোগ এবং একটি ট্রাক ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ করা ট্রাকগুলো হচ্ছে ঢাকা মেট্রো চ ২৪-২০০৯, বগুড়া ট ১১-১৮৮৫ ও যশোর ট ১১-২০৫৭ এবং ভাঙচুরকৃত ট্রাকটি হচ্ছে ঢাকা মেট্রো ট ১৪-৬৭৭৬।
ঘাতক ট্রাকের হেলপার দুর্ঘটনার পর পালিয়ে গেলেও চালককে আটক করা হয়েছে। চালক বগুড়া জেলার শিবগঞ্জ থানার কিচক গ্রামের মৃত মোজাহারের ছেলে জাহিদ মিয়া (৪৮) বলে জানায় কোতোয়ালি থানাপুলিশ। ট্রাকটি ঘটনাস্থলে রয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, সোমবার রাত পৌনে ১০টার দিকে সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন ফাজিল চিশত সড়কে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৪৫০১) এবং মোটরসাইকেলের (সিলেট ল ১১-১০৩৪) সংঘর্ষে মোটরসাইকেলের দুজন আরোহী সজিব ও লুৎফুর ঘটনাস্থলে নিহত হন।
ঘটনাস্থলে কোতোয়ালি থানার ওসিসহ পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা ছুটে যান। ঘটনার পর লোকজনের মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করে। রাত বারার সাথে সাথে উত্তেজিত জনতা কমতে থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।





No comments:
Post a Comment