সময় ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (০৩ জানুয়ারি) দুপুরের দিকে তারাকান্দা উপজেলার গাছপাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। হতাহতদের বেশিরভাগই অটোরিকশার যাত্রী বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা রুটে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
জানা যায়, দুপুরের দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। আহত হন দুইজন। নিহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছেন।
তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।

No comments:
Post a Comment