সময় ডেস্ক : গাজীপুর মহানগরীর উত্তর সালনা এলাকায় কোরবানির জন্য লালনপালন করা একটি ছাগল জবাই করে খাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মাদরাসার শিক্ষক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে। পরে বিষয়টি এলাকায় সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের উত্তর সালনা গ্রামের জামিয়া মাদিনাতুল কোরআন মাদরাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার পাশের এক নারী দীর্ঘদিন ধরে একটি ছাগল পালন করছিলেন। ছাগলটি প্রায়ই মাদরাসা প্রাঙ্গণে ঢুকে পড়ত। অভিযোগ রয়েছে, একপর্যায়ে মাদরাসার কয়েকজন শিক্ষক ছাগলটি ধরে জবাই করেন এবং এর মাংস সংরক্ষণ করেন।
ভুক্তভোগী নারীর দাবি, তার অনুমতি ছাড়াই ছাগলটি নিয়ে জবাই করা হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে সমাধানের উদ্যোগ নেয়।
অন্যদিকে মাদরাসা কর্তৃপক্ষের ভাষ্য, ছাগলটি দীর্ঘদিন ধরে মাদরাসা প্রাঙ্গণে লাগানো বিভিন্ন গাছের চারা নষ্ট করছিল। এ বিষয়ে মালিককে একাধিকবার সতর্ক করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার দিন শিক্ষার্থীরা ছাগলটি ধরে আনার পর সেটি অসুস্থ হয়ে পড়লে জবাই করা হয় বলে দাবি তাদের।
পরে স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। সালিশে নির্ধারিত ছাগলের মূল্য মালিককে পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

No comments:
Post a Comment