পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনে বাংলাদেশের ১৫৬ রানের লিড - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 17 May 2026

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনে বাংলাদেশের ১৫৬ রানের লিড


জাবেদ এমরান :
ঢাকায় প্রথম টেস্টের বিজয়ের পর সিলেটে দ্বিতীয় টেস্টের দুই দিনের ম্যাচ শেষে বাংলাদেশ রয়েছে চালকের আসনে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭৮ রানের জবাবে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ রান তুলে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে। দুই ইনিংস মিলে বাংলাদেশের লিড ১৫৬ রানের।


রোববার (১৭ মে) দ্বিতীয় দিন সকালে বিনা উইকেটে ২১ রান নিয়ে ব্যাট করতে নামা পাকিস্তান প্রথম সেশন শেষ করে ৪ উইকেটে ৯৪ রান তুলে। ২৪ ওভারে তাদের শীর্ষ ৪ ব্যাটারকে সাজঘরে ফেরান বাংলাদেশের বোলাররা। এরপর ২৫ ওভারের দ্বিতীয় সেশনে আরো ৪ উইকেট তুলে নেন স্বাগতিক বোলাররা। এ সময় অতিথি দলটি তুলতে পেরেছে ১১০ রান। সব মিলে ৮ উইকেটে ২০৬ রান নিয়ে চা বিরতিতে যায় সফরকারী দল। 


বাংলাদেশ প্রথম ইনিংস থেকে তখনো ৭২ রানে এগিয়ে ছিল। সকালে শুরুতে বাংলাদেশ দলকে উৎসবের উপলক্ষ্য এনে দেন জ্যেষ্ঠ পেসার তাসকিন আহমেদ। তিনি পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে দেন পরপর দুই ওভারে। এরপর সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জোড়া আঘাত। 


তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে সাজঘরের পথ ধরেন শান মাসুদ ও সৌদ শাকিল। ৭৯ রানে ৪ উইকেট পতনের পর সেখান থেকে ৬৩ রানের জুটি দলকে টানেন অভিজ্ঞ বাবর আজম ও সালমান আগা। পূর্ণ ফিট না হওয়ায় ঢাকায় খেলা হয়নি বাবরের। সিলেট টেস্টে সুযোগ পেয়েই নামের প্রতি সুবিচার করলেন তিনি। ৮৪ বলে ৬৮ রানের ঝলমলে এক ইনিংস খেলে পাকিস্তানকে ভরাডুবি থেকে বাঁচান। দলীয় ১৪২ রানে নাহিদ রানার কাছে হার মানেন তিনি। 


ঢাকায় ৫ উইকেট নেয়া নাহিদ রানার লেংথ বলটি লেগে খেলতে গিয়ে তিনি ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিমের হাতে। উইকেট শিকারে শামিল হন তাইজুল ইসলামও। তার ঘূর্ণিতে হার মানেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। ১৭৫ রানে স্বীকৃত ৭ ব্যাটারের বিদায় ঘটে। 


চা-বিরতির আগ মুহূর্তে হাসান আলীকে লেগ বিফোর করেন তাইজুল। তৃতীয় সেশন শুরুর পর প্রথম ওভারেই খুররম মনজুরকে ফেরান নাহিদ রানা (২০৭/৯)। সাজিদ খান ২৮ বলে চার ছক্কা ও দুই বাউন্ডারিতে ৩৮ রান করে আতঙ্ক ছড়ালেও বাংলাদেশ ঠিকই লিড নিয়ে মাঠ ছাড়ে। 


নাহিদ রানার বলে মুমিনুলকে ক্যাচ দেন সাজিদ। তাইজুল ও নাহিদ তিনটি করে এবং তাসকিন ও মিরাজ দুটি করে উইকেট নেন।


সংক্ষিপ্ত স্কোর 

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮/১০ (৭৭ ওভার; লিটন ১২৬, নাজমুল ২৯, তানজিদ ২৬; খুররম ৪/৮১)।


পাকিস্তান ১ম ইনিংস: ২৩২/১০ (৬৫.৪ ওভার; বাবর ৬৮, শান মাসুদ ২১, সালমান ২১; তাইজুল ৩/৫৩, নাহিদ রানা ৩/৬৫, তাসকিন ২/৩৫, মিরাজ ২/৪৬)।


বাংলাদেশ ২য় ইনিংস: ১১০/৩ (জয় ৫২, মুমিনুল ২৯, শান্ত ৯*)


No comments:

Post a Comment

Pages