সময় ডেস্ক : চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিলাসবহুল ৪৪টি গাড়ি নিলামে উঠছে। এর মধ্যে ২৪টি গাড়ি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ল্যান্ড ক্রুজার।
আগামী কাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ নিলাম অনুষ্ঠিত হবে বলে চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার উম্মে নাহিদা আক্তার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, নিলামে অংশ নিতে আগ্রহীরা রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন। নিলামের দরপত্র উন্মুক্ত করা হবে আগামীকাল সোমবার দুপুর ২টায়। এর আগে, গত ২৭ জানুয়ারি সকাল ৯টা থেকে অনলাইনে দরপত্র গ্রহণ শুরু হয়। একইসঙ্গে আগ্রহী ক্রেতাদের জন্য গত ২ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত গাড়িগুলো পরিদর্শনের সুযোগ দেওয়া হয়েছিল।
চট্টগ্রাম কাস্টমস ইতোমধ্যে নিলামযোগ্য অনেক গাড়িকে অকশন শেডে সরিয়ে এনেছে, যাতে প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা যায়।
কাস্টমস সূত্র জানিয়েছে, নিলামে থাকছে মোট ৪৪টি বিলাসবহুল গাড়ি, যার মধ্যে উল্লেখযোগ্য মডেলগুলো হলো ২৬টি টয়োটা ল্যান্ড ক্রুজার, ৫টি টয়োটা হ্যারিয়ার, ২টি টয়োটা র্যাভ ফোর এবং ১টি টয়োটা এস্কোয়ার সহ ১০টি সিনো ডাম্পট্রাক।
নিলামের তালিকায় থাকা ২৪টি ল্যান্ড ক্রুজার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের আমদানি করা। যা শুল্কমুক্ত সুবিধা নিয়ে দেশে আনা হয়েছিল। এগুলোর প্রতিটির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা।
এ ছাড়া দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে থাকা দুটি ল্যান্ড ক্রুজারের মূল্য নির্ধারণ করা হয়েছে- একটি ১ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ৮৪ টাকা এবং অন্যটি ১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা।
নিলামে থাকা হ্যারিয়ার, র্যাভ ফোর ও এস্কোয়ার মডেলের গাড়ির মূল্যও নির্ধারণ করা হয়েছে। ২০২২ সালের ২৪৮৭ সিসি হ্যারিয়ার ৭৬ লাখ ১৪ হাজার ৬৭৩ টাকা, ২০২২ সালের ১৯৮৬ সিসি হ্যারিয়ার আইচি ৮২ লাখ ৩ হাজার ৬৬৭ টাকা, ২০২০ সালের ১৯৮৬ সিসি হ্যারিয়ার: ৬১ লাখ ৬১ হাজার ৩৪৯ টাকা।
২০১৯ সালের ১৯৮৬ সিসি হ্যারিয়ার: ৫৫ লাখ ৫১ হাজার ৪৮২ টাকা এবং ২০১৮ সালের ১৯৮৬ সিসি হ্যারিয়ার: ৫৫ লাখ ৫১ হাজার ৭৮৭ টাকা। ২০১৯ সালের ১৯৮৬ সিসি র্যাভ ফোর ৫৪ লাখ ৫৪ হাজার ৬৪৪ টাকা এবং ২০২০ সালের ১৯৮৬ সিসি র্যাভ ফোর: ৫৬ লাখ ২২ হাজার ১০৭ টাকা। ২০১৯ সালের ১৯৮৬ সিসি টয়োটা এস্কোয়ার ৩০ লাখ ৩৮ হাজার ১৬৮ টাকা।
চীনের তৈরি ১০টি হেভি ডিউটি সিনো ডাম্পট্রাকের ৬টির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৮৫ লাখ ৩৬ হাজার ৯৩২ টাকা করে। বাকি ৪টি ডাম্পট্রাকের প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ ৬৭ হাজার ৭৮১ টাকা।
এই নিলামের প্রতি ব্যবসায়ী, আমদানিকারক এবং ব্যক্তিগত গাড়ি ক্রেতাদের ব্যাপক আগ্রহ রয়েছে। বিশেষ করে ল্যান্ড ক্রুজার, হ্যারিয়ার ও র্যাভ ফোরের মতো জনপ্রিয় গাড়িগুলো কেনার জন্য অনেকে ইতোমধ্যে দরপত্র জমা দিয়েছেন।
কাস্টমস কর্তৃপক্ষ আশা করছে, এ নিলামের মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব সংগ্রহ করতে পারবে। একইসঙ্গে বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা গাড়িগুলো বিক্রি হলে জায়গার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে।

No comments:
Post a Comment