জ্যেষ্ঠ প্রতিবেদক : অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষনার পরপরই পক্ষে-বিপক্ষে মিছিলে উত্তাল সিলেট নগরী।
অভ্যন্তরীণ দ্বন্দ্বে বার বার কমিটির তোড়জোড় শুরু হয়েও পিছিয়ে যাওয়া কমিটি অবশেষে মঙ্গলবার (১২ অক্টোবর) ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
সিলেট জেলা কমিটির ছাত্রলীগের নতুন সভাপতি হিসেবে নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে রাহেল সিরাজের নাম প্রকাশ করা হয়। অপরদিকে সিলেট মহানগর ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি হিসেবে কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক হিসেবে নাইম আহমদ জায়গা করে নেন।
আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। জয় ও লেখক স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে জেলা এবং মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে জাওয়াদ ইবনে জাহিদ খান, বিপ্লব কান্তি দাস, মুহিবুর রহমান মুহিব, কনক পাল অরূপ, হোসাইন মোহাম্মদ সাগর ও সঞ্জয় পাশী জয়ের নাম উল্লেখ করা হয়।
দু'জনের পদত্যাগঃ দুই সদস্যের কমিটি আর ৪ জনকে কেন্দ্রীয় সদস্য করে কমিটি দেয়ার কিছুক্ষণ পর ঘোষণা দিয়ে দুইজন পদত্যাগ করেছেন। তারা হলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খাঁন। এই দুইজনকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়েছিল।
পক্ষে-বিপক্ষে মিছিলঃ নতুন কমিটি ঘোষণার পর ছাত্রলীগের একাংশের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। তেলিহাওর গ্রুপের রাহেল সিরাজ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ পেলেও গ্রুপের অভ্যন্তরে অসন্তোষ চরমে পৌঁছায়। তেলিহাওর গ্রুপের বড় অংশের নেতাকর্মীরা রাহেল সিরাজের পরিবর্তে সাধারণ সম্পাদক হিসেবে চেয়েছিলেন জাওয়াদ ইবনে জাহিদ খাঁনকে। কিন্তু জাওয়াদকে সাধারণ সম্পাদক না করে কেন্দ্রীয় সদস্য করায় গ্রুপটির নেতাকর্মীরা বিকেল ৪টায় তেলিহাওর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর জিন্দাবাজার আল-হামরা মার্কেটের সামনে আসলে পুলিশ মিছিলকারীদের বাঁধা দেয়। পুলিশী বাধা উপেক্ষা করে মিছিলটি সামনে অগ্রসর হয়। চৌহাট্টা পয়েন্টে গিয়ে বিক্ষোভকারী নেতাকর্মীরা সেখানে অবস্থান করে টায়ার জ্বালিয়ে কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন।
তার আগে কাশ্মীর গ্রুপ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে মিছিল করে। ঘোষিত নতুন কমিটির পক্ষে-বিপক্ষে অবস্থানকারী গ্রুপের কারনে নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে পুলিশকে বারতি সতর্ক থাকতে দেখা যায়।
No comments:
Post a Comment