সময় ডেস্ক : দিনে-দুপুরে কুষ্টিয়ায় সাবেক স্ত্রী-ছেলেসহ তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় এএসআই সৌমেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
কমিটিতে রয়েছেন খুলনা রেঞ্জের দুজন পুলিশ কর্মকর্তাসহ কুষ্টিয়ায় এক পুলিশ কর্মকর্তা। খুলনা জেলার পুলিশ সুপার মাহবুব রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনা জানার পর অভিযুক্ত সৌমেন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর তদন্ত কমিটির প্রতিবেদন এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রোববার (১৩ জুন) দুপুর পৌনে ১২টায় কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকায় নাজ ম্যানশন মার্কেটের একটি বিকাশের দোকানের সামনে স্ত্রী-ছেলেসহ তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর সৌমেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধরা।
নিহতরা হলেন- সৌমেনের সাবেক স্ত্রী আসমা, তার সাত বছরের ছেলে রবিন ও ছেলে বন্ধু শাকিল। তাদের সবার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাওতা গ্রামে। শাকিল একজন বিকাশকর্মী ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌমেন জানান, আসমা তার দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী এবং সন্তান অন্যত্র থাকেন। কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন- জবাবে সৌমেন জানান, বিকাশকর্মী শাকিলের সঙ্গে আসমার অনৈতিক সম্পর্কের কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তবে আসমাকে নিজের স্ত্রী দাবি করলেও কোনো কাগজ দেখাতে পারেননি সৌমেন। গুলিতে নিহত শিশুটি আসমার প্রথম ঘরের সন্তান।


No comments:
Post a Comment