বহির্বিশ্ব ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় তুষারধসে এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে শতাধিকের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরখণ্ডের চামোলি জেলায় নন্দাদেবী শিখরের কাছে এ হিমালয় ধসের ঘটনা ঘটেছে। এতে একটি স্থানীয় জলবিদুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্থ হয়েছে।
তুষারধসে নদীর পানির স্তর হু হু করে বাড়ছে। নদীর দু’ধারের অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের সময় সেখানে অনেক শ্রমিক কাজ করছিলেন। তাদের কারও সন্ধান পাওয়া যাচ্ছে না। উত্তরখণ্ডের মুখ্যসচিব ওম প্রকাশ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, হতাহতের সংখ্যা ১০০ থেকে ১৫০ হতে পারে।
নিখোঁজ শ্রমিকরা তপোবন জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন। এদের সকলেই মারা গেছেন বলে প্রশাসন আশঙ্কা করছে। ভারতের সংবাদসংস্থা এএনআইকে উত্তরাখণ্ডের মুখ্যসচিব ওম প্রকাশ জানিয়েছেন, আটকে পড়া জলবিদ্যুৎ প্রকল্পের অনেকেই জলের তোড়ে ভেসে গিয়ে থাকতে পারেন। নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংবাদ সংস্থার খবরে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, তাঁর সঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। তিনি পুরো বিষয়টির উপর নজর রাখছেন। মোাদী লেখেন, ‘পুরো দেশ উত্তরাখণ্ডের পাশে রয়েছে। উত্তরাখণ্ডের বিপন্নদের জন্য প্রার্থনা করছে দেশবাসী। আমি নিজে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। উদ্ধার কাজের প্রতি মুহূর্তের খবর রাখছি আমি।’
বিবিসি বলছে, হিমালয়ের নন্দাদেবী শৃঙ্গের কাছে একটি হিমবাহ বিষ্ফোরিত হওয়ায় তীব্র জলরাশি অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে আকস্মিক বন্যা ডেকে আনে। ওই নদী দুটোতে জলস্তর হঠাৎ করেই বেড়ে যায় বেশ কয়েক মিটার।

No comments:
Post a Comment