সিলেটের জেলা প্রশাসককে ভুয়া চিকিৎসক-নার্স শনাক্তে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 15 July 2020

সিলেটের জেলা প্রশাসককে ভুয়া চিকিৎসক-নার্স শনাক্তে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সিলেটের জেলা প্রশাসককে ভুয়া চিকিৎসক-নার্স শনাক্তের নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর
সময় ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কর্মরত চিকিৎসক, নার্স ও টেকনশিয়ানরা প্রকৃত সনদধারী কি না সে বিষয়ে খোঁজ নিতে। 

বুধবার (১৫ জুলাই) এ সংক্রান্ত অফিসিয়াল চিঠি পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের কাছে পাঠানো হয়েছে।
 

চিঠিতে বলা হয়েছে- সিলেট জেলা ও মহানগরের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে যেন সব ধরনের উদ্যোগ নেয়া হয়।

সিলেটের জেলা প্রশাসককে লেখা এ অফিসিয়াল চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন করোনাকালে সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

চিঠিতে মন্ত্রী লিখেছেন, সম্প্রতি দেখা যাচ্ছে, দেশের কয়েকটি স্বাস্থ্যসেবা নামধারী প্রতিষ্ঠান করোনা চিকিৎসার নামে বিভিন্ন ধরনের ভুয়া টেস্ট রিপোর্টের মাধ্যমে জনগণকে প্রতারিত করছে। আবার অনেকে রোগীদের কাছ অনেক বেশি অর্থ আদায় করছে। ফলে স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের মনে ক্ষোভ যেমন বাড়ছে, তেমনি সরকারকেও বিব্রত হতে হচ্ছে। এ কারণে এ বিষয়ে আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, সিলেট জেলা ও মহানগরে যে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে সেগুলো অনুমোদিত কি না। 

এ সকল প্রতিষ্ঠানে নিয়োজিত চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ানরা প্রকৃত সনদধারী কি না বা তাদের পেশা পরিচালনা করার অনুমোদন আছে কি না এ সকল বিষয়সমূহ অনুসন্ধান জরুরি। সেই সঙ্গে এ সকল প্রতিষ্ঠান থেকে চিকিৎসাসেবা দেয়ার বিপরীতে যে অর্থ গ্রহণ করা হচ্ছে তা গ্রহণযোগ্য কি না তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। 

যে সকল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইনের ব্যত্যয় ঘটিয়ে পরিচালনা করা হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুয়া চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ানদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এ কাজ করা গেলে সিলেটের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

No comments:

Post a Comment

Pages